হাইকোর্টের স্থায়ী ২২জন বিচারপতির শপথ গ্রহন আজ । ভূমিকা নিউজ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত ২২ জন বিচারপতির শপথ অনুষ্ঠিত হবে আজ। বুধবার (১২ নভেম্বর) দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পড়াবেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে এবার স্থায়ী তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি ৪৫ বছর বয়স পূর্ণ করলে তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হবে।

বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির পরামর্শক্রমে হাইকোর্ট বিভাগের ২২ জন অতিরিক্ত বিচারককে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন—
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন, বিচারপতি মো. মনসুর আলম, বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর, বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা, বিচারপতি মো. যাবিদ হোসেন, বিচারপতি মুবিনা আসাফ, বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম, বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা, বিচারপতি মো. আবদুল মান্নান, বিচারপতি তামান্না রহমান, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ, বিচারপতি মো. হামিদুর রহমান, বিচারপতি নাসরিন আক্তার, বিচারপতি সাথিকা হোসেন, বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, বিচারপতি মো. তৌফিক ইনাম, বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন, বিচারপতি শেখ তাহসিন আলী, বিচারপতি ফয়েজ আহমেদ, বিচারপতি মো. সগীর হোসেন এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজী

উল্লেখ্য, গত বছরের ৯ অক্টোবর এ ২২ জনসহ মোট ২৩ জন বিচারপতি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। পরবর্তীতে ২১ জানুয়ারি ২০২৫ তারিখে ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়। ওই অধ্যাদেশের বিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের লক্ষ্যে সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হয়।

Leave a Comment