ঢাকা ও আশপাশের জেলায় নিরাপত্তার জন্য বিজিবি মোতায়েন । ভূমিকা নিউজ

রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোর সার্বিক আইন-শৃঙ্খলা বজায় রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামী ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করার পর থেকে রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগসহ নানা নাশকতার আশঙ্কায় এই মোতায়েন করা হয়।

বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঢাকা মহানগর ও আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মাঠে রয়েছে।

তিনি আরও জানান, রাজধানীতে ১২ প্লাটুন এবং আশপাশের জেলাগুলোতে ২ প্লাটুনসহ মোট ১৪ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাদের মোতায়েন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ নভেম্বর। এই রায়কে কেন্দ্র করেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজধানী ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচির ডাক দিয়েছে।

Leave a Comment