ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশের অনুমতি আপাতত দেবে না তেহরান। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের স্থায়ী অবসান এবং যুক্তরাষ্ট্রের কাছে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটি। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি এ অবস্থান স্পষ্ট করেছেন।
রোববার (১৫ নভেম্বর) রাতে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে গরিবাবাদি বলেন, যুদ্ধের স্থায়ী সমাপ্তি এবং ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আইএইএর প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তাঁর এই বক্তব্যের মধ্য দিয়ে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষণ আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।
ইরানের এই অবস্থান এমন সময়ে সামনে এসেছে, যখন দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে পুনরায় পরিদর্শন কার্যক্রম শুরু করার জন্য তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে আইএইএ। সংস্থাটি সম্প্রতি সদস্যদেশগুলোর মধ্যে প্রচারিত এক প্রতিবেদনে বলেছে, ইরানের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণ এবং পারমাণবিক উপাদানের হিসাব যাচাই করতে পরিদর্শকদের প্রবেশাধিকার জরুরি।
