রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি, আগামী মাসে গ্রিডে পরীক্ষামূলক সরবরাহের আশা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে পারস্পরিক সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময় বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

বিশেষ করে তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং উদ্ভাবনের মতো গুরুত্বপূর্ণ খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

ফকির মাহবুব আনাম বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের বর্তমান সময়ে কোনো দেশের একক প্রচেষ্টায় সব চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা, পারস্পরিক জ্ঞান বিনিময় এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি উল্লেখ করেন, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অস্ট্রেলিয়ার অর্জিত অভিজ্ঞতা বাংলাদেশের জন্য কার্যকর হতে পারে। দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো গেলে নতুন সম্ভাবনার ক্ষেত্র তৈরি হবে।

মন্ত্রী আরও বলেন, তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগের পাশাপাশি গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। এসব ক্ষেত্রে পারস্পরিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে দুই দেশই উপকৃত হতে পারে।

মতবিনিময়কালে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে তাঁর দেশের আগ্রহের কথা জানান। তিনি তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং উদ্ভাবনসহ উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা তুলে ধরেন।

বৈঠকে দুই পক্ষই বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যৌথ উদ্যোগ ও সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করে।

এ সময় অস্ট্রেলিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) হ্যারি থম্পসন উপস্থিত ছিলেন।

Leave a Comment