বাংলাদেশে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। একই সভায় একটি থানার নাম পরিবর্তন এবং দুটি নবগঠিত উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার সভায় এসব প্রস্তাব অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।
অনুমোদন অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানা বিভক্ত করে কোনাখালী ইউনিয়নের বটতলীতে মাতামুহুরী থানা এবং বগুড়ার শিবগঞ্জ থানা বিভক্ত করে মোকামতলা থানা স্থাপন করা হবে। পাশাপাশি বগুড়ার মোকামতলা ও সিলেটের জৈন্তাপুরে দুটি নতুন পৌরসভা গঠনের সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে দক্ষিণ গফরগাঁও থানা করার অনুমোদন দেওয়া হয়েছে।
অন্যদিকে, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা এবং কুমিল্লার বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থানও পরিবর্তন করা হয়েছে। থানা-সংক্রান্ত প্রস্তাবগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পৌরসভা ও সদর দপ্তর-সংক্রান্ত উদ্যোগগুলো স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে বাস্তবায়িত হবে।

