স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৯ জনের সবার পরিচয় শনাক্ত করেছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার সর্বশেষ তিনজনের পরিচয় নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে শনাক্তকরণের কাজ শেষ হয়। নিহতদের মধ্যে ৫৪ জন স্পেনের নাগরিক এবং বাকি ১৫ জন বিভিন্ন দেশের নাগরিক।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবারের এই দুর্ঘটনা চলতি শতাব্দীতে ইউরোপের অন্যতম প্রাণঘাতী রেল দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
সর্বশেষ শনাক্ত তিনজন বিদেশি নাগরিক
নিহতদের পরিচয় শনাক্তের দায়িত্বে থাকা পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি আইনি সংস্থা সোমবার রাতে বিবৃতি দেয়। এতে সর্বশেষ শনাক্ত হওয়া তিনজনের পরিচয় প্রকাশ করা হয়। তাঁদের মধ্যে দুজন অস্ট্রেলিয়ার এবং একজন জাপানের নাগরিক।
দুর্ঘটনার পর থেকেই নিহতদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছিলেন ফরেনসিক বিশেষজ্ঞরা। শনাক্তকরণ প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় স্বজনদের অনিশ্চয়তা ও বেদনাদায়ক অপেক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। কিছু ক্ষেত্রে মরদেহের বিচ্ছিন্ন অংশের ফরেনসিক পরীক্ষার মাধ্যমেও পরিচয় নিশ্চিত করতে হয়েছে।
নিহতদের মধ্যে ১৫ জন বিদেশি
কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় নিহত ৬৯ জনের মধ্যে ৫৪ জন স্পেনের নাগরিক। বাকি ১৫ জন বিদেশি নাগরিক।
