ইরানের সঙ্গে শান্তি আলোচনা আবারও শুরু করার লক্ষ্যে দেশটির নিরাপত্তা নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের ওপর নতুন করে মার্কিন হামলা ঠেকানো এবং সংঘাত নিরসনের সম্ভাব্য পথ খুঁজতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর তথ্য অনুযায়ী, ভ্যান্স ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজায়িকে একটি চিঠি পাঠিয়েছেন। পত্রিকাটির একটি সূত্রের দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়।
প্রতিবেদন অনুযায়ী, চিঠি পাঠানোর পর মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে আলোচনায় কোনো নির্দিষ্ট শান্তি প্রস্তাবের শর্তের চেয়ে সম্ভাব্য আলোচনার কাঠামো তৈরির ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
হরমুজ প্রণালি ঘিরে জ্বালানি সংকট
ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এতে বিশ্ব অর্থনীতিতেও চাপ তৈরি হয়েছে।
সংঘাত শুরুর পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চলাচল সীমিত করে দেয় ইরান। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হতো। অন্যদিকে, ইরানের অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে দেশটির বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য আলোচনার অন্যতম বড় বাধা হয়ে রয়েছে।

