বিজ্ঞান প্রকল্প নিয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজে বিজ্ঞান কার্নিভাল

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজে জাতীয় বিজ্ঞান উৎসব শুরু, অংশ নিচ্ছে ১৫০ প্রতিষ্ঠান

রাজধানীর পিলখানায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে শুরু হয়েছে ‘বিএনএমপিসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল-২০২৬’। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ উৎসবে প্রদর্শিত হচ্ছে প্রায় ৩০০টি বিজ্ঞানভিত্তিক প্রকল্প।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উৎসবটির উদ্বোধন করা হয়। কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল ড. মো. তাজুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান উৎসবের উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অতিরিক্ত মহাপরিচালক ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মমতাজুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মমতাজুর রহমান বলেন, বিজ্ঞান উৎসব শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের প্রয়োজনীয় দক্ষতা বিকাশে সহায়তা করে। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, সামাজিক সচেতনতা ও উপস্থাপনার সক্ষমতা বাড়ে।

তিনি আরও বলেন, বিজ্ঞান উৎসবে অংশগ্রহণের ফলে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর সুযোগ পায়। পাশাপাশি নিজেদের প্রতিভা বিকাশ এবং নতুন কিছু উদ্ভাবনের ক্ষেত্রেও তারা উৎসাহিত হয়।

শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম বলেন, বিজ্ঞানমনস্ক ও মেধাবী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের আয়োজন প্রাণবন্ত হয়ে উঠেছে। ভবিষ্যতে এসব শিক্ষার্থী আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের বিজ্ঞান উৎসবে দেশের স্বনামধন্য ১৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রায় ৩০০টি বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন করছে।

উৎসবের অংশ হিসেবে বিজ্ঞান অলিম্পিয়াড, দেয়ালপত্রিকা, প্রকল্প উপস্থাপন, উপস্থিত বক্তৃতা, অ্যানালিটিক্যাল কুইজ, গল্পলিখন এবং কম্পিউটার গেমিংসহ নানা প্রতিযোগিতা ও সৃজনশীল কার্যক্রম রাখা হয়েছে। এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, যুক্তিনির্ভর চিন্তা ও উদ্ভাবনী সক্ষমতা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

আগামী ৩১ অক্টোবর বিকেল ৩টায় এ বিজ্ঞান উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Leave a Comment