এইচএসসি ফলাফলে এগিয়ে ছাত্রীরা, পাসের হারে ব্যবধান ৮.৫৬ শতাংশ পয়েন্ট

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার ও উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যায় ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছেন মেয়েরা। ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার ছাত্রদের তুলনায় ৬৬ হাজার ৩৭১ জন বেশি ছাত্রী পাস করেছেন। একই সঙ্গে ছাত্রীদের পাসের হারও ছাত্রদের চেয়ে ৮ দশমিক ৫৬ শতাংশ পয়েন্ট বেশি।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।

সব বোর্ডে ছাত্রীদের পাসের হার বেশি

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে ছাত্র ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন।

পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। এর মধ্যে ছাত্র ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন এবং ছাত্রী ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন।

পরিসংখ্যান অনুযায়ী, ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ। অন্যদিকে, ছাত্রীদের পাসের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রদের তুলনায় ছাত্রীরা ৮ দশমিক ৫৬ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছেন।

সাধারণ ৯ শিক্ষা বোর্ডেও এগিয়ে ছাত্রীরা

দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণেও ছাত্রীদের এগিয়ে থাকার চিত্র পাওয়া গেছে।

এ বছর সাধারণ বোর্ডগুলোতে উত্তীর্ণ হয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ জন ছাত্র এবং ৩ লাখ ১৩ হাজার ৪৬০ জন ছাত্রী। অর্থাৎ, এ বোর্ডগুলোতে ছাত্রদের তুলনায় ৮৫ হাজার ৬৭১ জন বেশি ছাত্রী পাস করেছেন।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ১৪ শতাংশ। বিপরীতে ছাত্রীদের পাসের হার ৫৫ দশমিক ৪৫ শতাংশ।

মাদ্রাসা ও কারিগরি বোর্ডেও ছাত্রীদের সাফল্য

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ৩৮ হাজার ৯৪৭ জন ছাত্রীর মধ্যে পাস করেছেন ২৫ হাজার ২৭৮ জন। তাঁদের পাসের হার ৬৪ দশমিক ৯০ শতাংশ।

অন্যদিকে, ৫০ হাজার ৩৭৪ জন ছাত্রের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৯ হাজার ২৬৯ জন। এ ক্ষেত্রে ছাত্রদের পাসের হার ৫৮ দশমিক ১০ শতাংশ।

কারিগরি শিক্ষা বোর্ডেও ছাত্রীদের পাসের হার বেশি। এ বোর্ডে ২৮ হাজার ৮৬৩ জন ছাত্রীর মধ্যে ১৭ হাজার ৭৯০ জন পাস করেছেন। তাঁদের পাসের হার ৬১ দশমিক ৬৪ শতাংশ।

অপরদিকে, ৭৪ হাজার ৮৪ জন ছাত্রের মধ্যে পাস করেছেন ৩৩ হাজার ৯৯ জন। এতে ছাত্রদের পাসের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৫৮ শতাংশে।

জিপিএ-৫ পাওয়ায় ছাত্রদের সংখ্যা বেশি

পাসের হার ও উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যায় ছাত্রীরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ অর্জনে ছাত্রদের সংখ্যা সামান্য বেশি।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাঁদের মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭২১ জন। অর্থাৎ, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ছাত্রীদের চেয়ে ৬৪২ জন বেশি।

 

Leave a Comment