কারিগরি বোর্ডে ছাত্রীদের পাসের হার ৬১.৬৪%, ছাত্রদের ৪৪.৬৮%

চলতি বছরের এইচএসসি বিএম ও ভোকেশনাল পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পাসের হার দাঁড়িয়েছে ৪৯ দশমিক ৪৩ শতাংশ। এ বোর্ডে মোট উত্তীর্ণ হয়েছেন ৫০ হাজার ৮৮৯ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে ৮৮৬ জন জিপিএ-৫ অর্জন করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশের উদ্বোধন করেন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।

কারিগরি বোর্ডে ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা

কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, উত্তীর্ণ ৫০ হাজার ৮৮৯ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৩ হাজার ৯৯ জন এবং ছাত্রী ১৭ হাজার ৭৯০ জন।

তবে পাসের হারে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছেন। ছাত্রদের পাসের হার ৪৪ দশমিক ৬৮ শতাংশ। অন্যদিকে ছাত্রীদের পাসের হার ৬১ দশমিক ৬৪ শতাংশ।

জিপিএ-৫ পেয়েছেন ৮৮৬ জন

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর মোট ৮৮৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাঁদের মধ্যে ছাত্র ১৮০ জন এবং ছাত্রী ৭০৬ জন।

অর্থাৎ, জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি।

৬৭২ কেন্দ্রে পরীক্ষা, অংশ নেয় ১ হাজার ৮৬৮ প্রতিষ্ঠান

এ বছর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৬৭২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ১ হাজার ৮৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এদিকে, দেশের ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। সব বোর্ড মিলিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী।

সূত্র বাসস

Leave a Comment