এইচএসসি পরীক্ষায় বিদেশে পাসের হার ৯০.৮৭%, শতভাগ পাস এক প্রতিষ্ঠানে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় বিদেশের কেন্দ্রগুলোতে পাসের হার দাঁড়িয়েছে ৯০ দশমিক ৮৭ শতাংশ। আটটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া ২৩০ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০৯ জন। বাকি ২১ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। বিদেশের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীই পাস করেছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

বিদেশের ৮ কেন্দ্রে পরীক্ষার্থী ২৩০ জন

প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, চলতি বছর বিদেশের আটটি পরীক্ষাকেন্দ্রে মোট ২৩০ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ২০৯ জন উত্তীর্ণ হয়েছে। অকৃতকার্য হয়েছে ২১ জন।

এ হিসাবে বিদেশের কেন্দ্রগুলোতে পাসের হার ৯০ দশমিক ৮৭ শতাংশ। এ ছাড়া একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

দেশীয় বোর্ডে পাসের হার ৫২.১২ শতাংশ

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে সম্মিলিতভাবে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিল ৬৯ হাজার ৯৭ জন।

গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ২৯ হাজার ১৩ জন।

Leave a Comment