সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাস আল খাইমাহ অঞ্চলের সব সৈকত অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। প্রতিবেশী উম্ম আল কুয়াইন ও শারজাহর উপকূলে তেল ছড়িয়ে পড়ার ঘটনার পর এবার এ সিদ্ধান্ত নেওয়া হলো।
শনিবার রাস আল খাইমাহ পুলিশের সদর দপ্তরের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে পাবলিক সার্ভিসেস ডিপার্টমেন্ট সৈকত বন্ধ রাখার বিষয়টি জানায়। তবে এ সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
এর আগে শুক্রবার ইউএই কর্তৃপক্ষ জানিয়েছিল, সমুদ্র উপকূলে একটি ট্যাংকার থেকে ছড়িয়ে পড়া তেল নিয়ন্ত্রণে কাজ চলছে। একই সঙ্গে ঘটনার পরিবেশগত প্রভাব নিরূপণে কাজ শুরু করেছে দেশটির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কারিগরি দলগুলোর মূল্যায়ন শেষ না হওয়া এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নির্ধারিত না হওয়া পর্যন্ত উম্ম আল কুয়াইনের সৈকত ও উপকূলীয় এলাকাগুলো বন্ধ থাকবে। এ ছাড়া জেলে ও সমুদ্রে চলাচলকারীদের ক্ষতিগ্রস্ত এলাকা এড়িয়ে চলার পাশাপাশি সরকারি নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
শারজাহর সৈকতেও বিধিনিষেধ
উপকূলীয় এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শারজাহ কর্তৃপক্ষ উম্ম আল কুয়াইনের সীমান্তসংলগ্ন আল হামরিয়াহ সৈকত সাময়িকভাবে বন্ধ করেছে।
এদিকে শারজাহ, আজমান ও উম্ম আল কুয়াইনের কয়েকটি এলাকায় অস্বাভাবিক দুর্গন্ধ পাওয়ার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে ইউএইর পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, এ দুর্গন্ধে জনস্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকি নেই। শুক্রবারও উম্ম আল কুয়াইন এলাকায় তীব্র দুর্গন্ধের খবর পাওয়া যায়।
তেল ছড়িয়ে পড়ার ঘটনায় সংশ্লিষ্ট ট্যাংকারটির পরিচয় এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ। কী কারণে জাহাজটি থেকে তেল ছড়িয়েছে, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি।
উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ
ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর উপসাগরীয় অঞ্চলের নৌপথে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এর পাশাপাশি সংঘাতের কারণে পরিবেশের ওপর সম্ভাব্য প্রভাব নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে।
অন্যদিকে, সৈকত ও বিলাসবহুল অবকাশকেন্দ্রের জন্য পরিচিত রাস আল খাইমাহর আল মারজান দ্বীপে একটি ক্যাসিনো রিসোর্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান উইন রিসোর্টসের। ২০২৪ সালে প্রতিষ্ঠানটি ইউএইর প্রথম বাণিজ্যিক গেমিং লাইসেন্স পায়।
চলতি বছরের ফেব্রুয়ারিতে উইন রিসোর্টস জানিয়েছিল, ২০২৭ সালের প্রথম প্রান্তিকে রিসোর্টটি চালুর লক্ষ্য রয়েছে তাদের। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ব্যবসায়িক কার্যক্রমে বিঘ্ন ঘটলেও মার্চে প্রতিষ্ঠানটি জানায়, সাময়িক বিরতির পর প্রকল্পটির নির্মাণকাজ আবার শুরু হয়েছে।



